প্রিন্ট এর তারিখঃ Jun 27, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 27, 2026 ইং
নারায়ণগঞ্জে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের ৩ সদস্য গ্রেপ্তার

নারায়ণগঞ্জের আদালত চত্বর থেকে চুরি হওয়া একটি প্রাইভেট কার উদ্ধারের ঘটনায় অভিযান চালিয়ে সংঘবদ্ধ গাড়ি চোর চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া একটি গাড়িসহ মোট তিনটি চোরাই গাড়ি উদ্ধার করা হয়েছে।
শনিবার (২৭ জুন) দুপুরে জেলা পুলিশ সুপার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান নারায়ণগঞ্জের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি।
পুলিশ সুপার জানান, গত ২৬ জুন বেলা ১১টার দিকে আদালত চত্বরে পার্কিং করা একটি প্রাইভেট কার চুরির অভিযোগ পায় পুলিশ। অভিযোগের পর ফতুল্লা থানায় মামলা নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।
তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে নারায়ণগঞ্জের ফতুল্লার দেলপাড়া-চিতাশাল এলাকা থেকে এ চক্রের মূলহোতা মুক্তার হোসেন ওরফে মুক্তা (৪৮) কে গ্রেপ্তার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট এলাকায় অভিযান চালিয়ে এ চক্রের অপর দুই সদস্য মো. মোমিনুর রহমান ওরফে লিটন (৪২) ও আলাউদ্দিন (৩৬) কে গ্রেপ্তার করা হয়।
তাদের দেয়া তথ্যের ভিত্তিতে কুমিল্লার নাঙ্গলকোট থেকে চুরি হওয়া গাড়িসহ মোট তিনটি গাড়ি উদ্ধার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে থেকেই একাধিক চুরি ও মাদক মামলা রয়েছে।
পুলিশ সুপার জানান, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মোট পাঁচটি মামলা রয়েছে। এর মধ্যে চারটি গাড়ি চুরি এবং একটি মাদক মামলা। তারা দেশের বিভিন্ন জেলায় পার্কিং ও নির্জন এলাকা থেকে গাড়ি চুরি করে নাম্বার প্লেট পরিবর্তন করে পাচার করত।
তিনি আরও জানান, চক্রটির সঙ্গে আরও কেউ জড়িত আছে কিনা এবং উদ্ধার হওয়া অন্যান্য গাড়ির প্রকৃত মালিকানা যাচাইয়ের কাজ চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
© সকল কিছুর স্বত্বাধিকারঃ নারায়ণগঞ্জ আপডেট